• বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা ঘোষণা দিলে জামায়াতের কর্মীরা রাস্তায় নামতে পারবে না: ইসরাক হোসেন

আমরা ঘোষণা দিলে জামায়াতের কর্মীরা রাস্তায় নামতে পারবে না: ইসরাক হোসেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:০০ ২৩ জানুয়ারী ২০২৬

ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না। তিনি বলেন, “সেটা জামায়াত হোক বা অন্য কেউ—আমরা যদি ঘোষণা দেই, তাহলে ঢাকা শহরে তারা রাজনৈতিকভাবে মাঠে থাকতে পারবে না।”

শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বংশালের সুরিটোলা স্কুলের সামনে নির্বাচনি গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, “আমরা আন্দোলন-সংগ্রাম করে এই জায়গায় এসেছি, ভেসে আসিনি। আমাদের ১৭ বছরের দীর্ঘ সংগ্রাম রয়েছে, অসংখ্য নেতাকর্মীর রক্তের বিনিময়ে আজ আমরা এখানে দাঁড়িয়ে।” তিনি দাবি করেন, বিএনপি রাজপথে থেকে গুলি ও দমন-পীড়নের মুখে আন্দোলন চালিয়েছে, অথচ অন্যরা সেই সংগ্রামে ছিল না।

জামায়াতের এক প্রার্থীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ইশরাক হোসেন বলেন, ঢাকার মতো গুরুত্বপূর্ণ আসনে এমন মন্তব্য দুঃখজনক ও হাস্যকর। তার ভাষায়, “এই কথাগুলো এখন হাস্যরসে পরিণত হয়েছে। তারা শুধু নিজেদের নেতাকর্মীদের উজ্জীবিত রাখতেই এসব বলছে।”

তিনি প্রশ্ন তুলে বলেন, “এতদিন তারা কোথায় ছিল? ৫ আগস্টের পর, বিশেষ করে ২৪-এর আগস্টের পর এই গুপ্ত বাহিনী হঠাৎ করে উদয় হয়েছে।” ইশরাক হোসেন অভিযোগ করেন, তারা ভোরবেলায়, যখন রাস্তাঘাট ফাঁকা থাকত, তখন অন্ধকারে মিছিল করে চলে যেত—এটাই ছিল তাদের তথাকথিত আন্দোলন।

বিএনপি প্রার্থী আরও বলেন, “আমরা রাজপথে বুক ফুলিয়ে দাঁড়িয়েছি, গুলির মুখে থেকেছি। তারাও জানে যে ঢাকা শহরের সব আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।” তিনি দাবি করেন, এসব বক্তব্য কেবল নেতাকর্মীদের মনোবল ধরে রাখার কৌশল।

কড়া সুরে ইশরাক হোসেন বলেন, “যদি তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকে, তাহলে স্পষ্ট করে বলতে চাই—নির্বাচনের অনেক আগেই আমরা তাদের ঢাকা থেকে বিতাড়িত করে দেবো।”

গণসংযোগকালে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার কর্মসূচিতে অংশ নেন।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/