• বুধবার , ১৭ জুন, ২০২৬ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আপনার ভোট দেওয়া হয়ে গেছে’—কেন্দ্রেই কান্নায় ভেঙে পড়লেন নুরজাহান বেগম

‘আপনার ভোট দেওয়া হয়ে গেছে’—কেন্দ্রেই কান্নায় ভেঙে পড়লেন নুরজাহান বেগম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪:২৪ ১২ ফেব্রুয়ারী ২০২৬

বহু নির্বাচনের সাক্ষী নুরজাহান বেগম এবারও স্বাভাবিক বিশ্বাস নিয়েই ভোট দিতে কেন্দ্রে এসেছিলেন। কিন্তু বুথে ঢুকে পোলিং অফিসারের মুখে শোনা একটি বাক্য মুহূর্তেই ভেঙে দেয় তার সেই বিশ্বাস—‘আপনার ভোট দেওয়া হয়ে গেছে।’ কথা শুনেই তিনি কেন্দ্রেই কান্নায় ভেঙে পড়েন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পীরগাছা উপজেলার তেয়ানি মনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট দিতে গিয়ে বুথে প্রবেশের পর পোলিং অফিসার তাকে জানান যে তার নামে ইতোমধ্যে ভোট প্রদান করা হয়েছে।

বুথ থেকে বেরিয়ে এসে কান্নাজড়িত কণ্ঠে নুরজাহান বেগম বলেন, “এত বছর থাকি ভোট দিয়া আসনু, কোনো সমস্যা হইল না। এবার কইল মোর ভোট আরেকজন দিছে। মুই তো নিজেই দিবার আসনু।”

ঘটনার পর কেন্দ্রের ভেতর ও বাইরে উৎকণ্ঠা ও ক্ষোভের সৃষ্টি হয়। কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, সকাল থেকেই কেন্দ্রটিতে বিচ্ছিন্নভাবে জাল ভোট দেওয়ার ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম বলেন, “কিছু ভোটার আসার আগেই নাকি তাদের ভোট দেওয়া হয়ে গেছে—এটা খুবই উদ্বেগজনক।” আরেক ভোটার রহিমা খাতুন বলেন, “ভোট দিতে আইসা যদি শুনি ভোট হয়ে গেছে, তাহলে আমরা কোথায় যাব? এটা তো আমাদের অধিকার।”

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনছুর হোসেন বলেন, “পোলিং এজেন্টদের ত্রুটির কারণে এমনটি হয়ে থাকতে পারে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং যাতে পুনরাবৃত্তি না হয় সে চেষ্টা করছি।” সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর কিছু সময়ের জন্য কেন্দ্রে উত্তেজনা দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/