৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?


প্রকাশিত: ০২:২৭ ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রায় এক দশক আগে প্যারিসে বন্দুকের মুখে ৬০ লাখ ডলারের বেশি মূল্যের গয়না হারিয়েছিলেন মার্কিন তারকা কিম কার্দাশিয়ান। সেই ভয়াবহ ডাকাতির ঘটনায় এবার প্যারিসের একটি আদালত তাকে ক্ষতিপূরণ হিসেবে দিয়েছে মাত্র ১ ইউরো। তবে এত বড় ক্ষতির বিপরীতে এই সামান্য অর্থ দেওয়ার পেছনে রয়েছে ভিন্ন কারণ—প্রতীকী ক্ষতিপূরণ হিসেবে কিম নিজেই মাত্র ১ ইউরো দাবি করেছিলেন।
২০১৬ সালের ২ অক্টোবর প্যারিস ফ্যাশন উইক চলাকালে হোটেল দ্য পোরতালেসে অবস্থান করছিলেন কিম। পুলিশের ছদ্মবেশে আসা ডাকাতদের কয়েকজন তার কক্ষে ঢুকে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। পরে জিপ টাই ও টেপ দিয়ে বেঁধে ফেলে তার মূল্যবান গয়না নিয়ে পালিয়ে যায় তারা।
লুট হওয়া গয়নার মধ্যে ছিল কয়েক মিলিয়ন ডলার মূল্যের একটি হীরার বাগদানের আংটিও। রয়টার্স জানিয়েছে, আংটিটির মূল্য ছিল প্রায় ৪০ লাখ ডলার। লুট হওয়া অধিকাংশ গয়না এখনো উদ্ধার করা যায়নি।
ঘটনাটি কিম কার্দাশিয়ানের জীবনে গভীর মানসিক প্রভাব ফেলেছিল। আদালতে সাক্ষ্য দেওয়ার সময় তিনি জানিয়েছিলেন, ডাকাতির মুহূর্তে তার মনে হয়েছিল তিনি হয়তো বেঁচে ফিরবেন না। পরে ঘটনাটিকে নিজের জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতাগুলোর একটি হিসেবে বর্ণনা করেন তিনি।
২০২৫ সালে ডাকাতির ঘটনায় আটজনকে দোষী সাব্যস্ত করা হয়। তাদের মধ্যে ডাকাতির মূল পরিকল্পনাকারী আওমার আইত খেদাশও ছিলেন। আদালতে সাক্ষ্যের সময় কিম তাকে ক্ষমা করার কথা বললেও জানান, ক্ষমা করার অর্থ এই নয় যে ঘটনার মানসিক আঘাত মুছে গেছে।
ডাকাতদের অনেকেই বয়সে প্রবীণ হওয়ায় ফ্রান্সে তারা ‘গ্র্যান্ডপা রবার্স’ নামে পরিচিত হয়ে ওঠে। বিচার চলাকালে ছয়জনের বয়স ছিল ৬০ থেকে ৭০-এর কোঠায়। অস্ত্রধারী ডাকাতি, অপহরণ ও অপরাধী চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাদের বিচার হয়।
মঙ্গলবার প্যারিসের আদালত কিমকে তার চাওয়া অনুযায়ী প্রতীকী ১ ইউরো ক্ষতিপূরণ দেয়। তার স্টাইলিস্ট সিমন হারুশকেও একই পরিমাণ অর্থ দেওয়া হয়েছে। ডাকাতির সময় তিনিও ঘটনাস্থলে ছিলেন।
তবে মামলার অন্য ক্ষতিগ্রস্তরা বড় অঙ্কের ক্ষতিপূরণ পেয়েছেন। হোটেলের এক সাবেক রিসেপশনিস্টকে ১ লাখ ৯ হাজার ৫১৬ ইউরো দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ডাকাতির ঘটনায় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করে তিনি ক্ষতিপূরণ ও সুদ মিলিয়ে প্রায় সাড়ে ৫ লাখ ইউরো চেয়েছিলেন। হোটেল কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে আরও ৫০ হাজার ইউরো।
কিম কার্দাশিয়ান ও তার স্টাইলিস্ট এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, তাদের কাছে এই রায়ের মূল বিষয় অর্থ নয়; বরং জবাবদিহি এবং তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার স্বীকৃতি পাওয়া। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এখন তারা ঘটনাটি পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান।
বিচার-পূর্ব আটক অবস্থায় বেশ কয়েকজন আসামি ইতোমধ্যে তাদের সাজার বড় অংশ ভোগ করায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের নতুন করে কারাগারে যেতে হয়নি। দণ্ডপ্রাপ্তদের কেউ রায়ের বিরুদ্ধে আপিলও করেননি।
৬০ লাখ ডলারের বেশি গয়না হারানোর পরও মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ নেওয়ার সিদ্ধান্ত তাই অর্থ ফিরে পাওয়ার চেষ্টা নয়। কিমের বক্তব্য অনুযায়ী, এটি ছিল প্রায় এক দশক আগের ভয়ংকর ঘটনার জন্য আইনি স্বীকৃতি ও জবাবদিহির প্রতীক।
সূত্র: দ্য অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




