• শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ | ২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল

মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭:৫২ ১৩ নভেম্বর ২০২৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করে আলোচনায় আসা নরওয়ের সাংবাদিক হেলে লিংয়ের ভারত সফর অনিশ্চিত হয়ে পড়েছে। হায়দরাবাদে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশে রওনা হওয়ার ঠিক আগমুহূর্তে তার ভিসা বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ওই সাংবাদিক।

নরওয়ের সংবাদপত্র দাগসাভিসেনে কর্মরত হেলে লিংয়ের ১৩ নভেম্বর থেকে ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী ‘ভারত সামিট’-এ বক্তা হিসেবে অংশ নেওয়ার কথা ছিল। তেলেঙ্গানা সরকারের আয়োজিত সম্মেলনে গণমাধ্যমের স্বাধীনতা, সংবাদপত্র ও গণতন্ত্রবিষয়ক একটি আলোচনায় বক্তব্য দেওয়ার কথা ছিল তার।

বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে লিং জানান, ভারতে যাওয়ার জন্য প্রয়োজনীয় ভিসা ও রাজনৈতিক ছাড়পত্র পাওয়ার পরও শেষ মুহূর্তে তাকে সফর বাতিল করতে হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, বিমানবন্দরের উদ্দেশে বাসা থেকে বের হওয়ার মাত্র ১০ মিনিট আগে নরওয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। তখন তাকে জানানো হয়, তিনি ভারতে ভ্রমণ করতে পারবেন না।

ভিসা বাতিলের পেছনে রাজনৈতিক কারণের অভিযোগ

সাংবাদিক হেলে লিংয়ের অভিযোগ, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের নির্দেশে তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি সিদ্ধান্তটির ব্যাখ্যা চান। একই সঙ্গে সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ দিতে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান।

লিংয়ের ধারণা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকারের সমালোচনামূলক সাংবাদিকতার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, ভারতের প্রভাবশালী শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানিকে নিয়ে সমালোচনামূলক নিবন্ধ লেখা এবং দেশটির একটি রাজনৈতিক আন্দোলন নিয়ে প্রতিবেদন ও সাক্ষাৎকার প্রকাশের বিষয়গুলোও এ সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখতে পারে।

তবে এসব কারণেই তার ভিসা বাতিল করা হয়েছে কি না, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মোদিকে কী প্রশ্ন করেছিলেন হেলে লিং?

চলতি বছরের ১৮ মে নরওয়ের রাজধানী অসলো সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি প্রশ্ন করে আলোচনায় আসেন হেলে লিং।

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সঙ্গে যৌথ সংবাদ বিবৃতি শেষে মোদি অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় সাংবাদিক লিং জানতে চান, বিশ্বের অন্যতম স্বাধীন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তর কেন দিচ্ছেন না তিনি।

তবে ওই প্রশ্নের কোনো উত্তর না দিয়েই অনুষ্ঠানস্থল ছেড়ে যান ভারতের প্রধানমন্ত্রী।

পরবর্তী সময়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়েও বিষয়টি উত্থাপন করেন লিং। তখন ভারতের পক্ষ থেকে বিশ্ব সংস্কৃতিতে দেশটির অবদান, বিশেষ করে শূন্যের ধারণা, যোগব্যায়াম ও দাবার প্রসঙ্গ তুলে বক্তব্য দেওয়া হয়।

সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

হেলে লিং জানিয়েছেন, গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনায় অংশ নেওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়েছিলেন। প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর শেষ মুহূর্তে ভ্রমণে বাধা দেওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেছেন।

সম্মেলনের নির্ধারিত আলোচনায় অংশ নেওয়ার সুযোগ এখনো রয়েছে উল্লেখ করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন তিনি।

এদিকে, সাংবাদিকের অভিযোগের বিষয়ে ভারত সরকারের আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: ডেকান হেরাল্ড, ইত্তেফাক।

বিজ্ঞাপন