ইসরায়েলের ২৫ এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেন হিজবুল্লাহর


প্রকাশিত: ০২:২৫ ২৭ অক্টোবর ২০২৪
লেবাননে বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননজুড়ে বিমান হামলার পাশাপাশি তারা দেশটির দক্ষিণাঞ্চলে স্থলপথেও হামলা চালাচ্ছে। অন্যদিকে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পাল্টা হামলা চালাচ্ছে হিজুবল্লাহ। এমন অবস্থায় ইসরায়েলের ২৫ এলাকা থেকে বাসিন্দাদের ‘তাৎক্ষণিকভাবে’ সরে যাওয়ার নির্দেশ দিয়েছে লেবাননের শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি।
একইসঙ্গে উত্তর ইসরায়েলের এসব এলাকা তাদের হামলার বৈধ টার্গেট বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে হিজুবল্লাহ। শনিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ শনিবার সন্ধ্যায় উত্তর ইসরায়েলের ২৫টি বসতি থেকে বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার আদেশ জারি করেছে। এসব বসতির বাসিন্দাদের সতর্ক করে তারা বলেছে, এই এলাকাগুলো এখন “বৈধ সামরিক লক্ষ্যবস্তু”।
টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের এই ২৫টি বসতির বাসিন্দাদের সরাসরি সম্বোধন করে বলেছে, “আপনাদের অবিলম্বে সরে যেতে অনুরোধ করা হচ্ছে। আপনাদের বসতিগুলো লেবাননে আক্রমণকারী শত্রু সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন এবং অবস্থানের জায়গা হয়ে উঠেছে। ফলস্বরূপ তারা ইসলামী প্রতিরোধের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।”
বসতিগুলোর মধ্যে রয়েছে— কিরিয়াত শমোনা, ইয়াসোদ হামাআলা, আয়েলেট হাশাচার, হাতজোর হাগালিলিত, কারমিয়েল, মাআলোত তারশিহা, ইভেন মেনাচেম, নাহারিয়া, রোশ পিনা, শামির, শাল, মিরন, কাবরি, আবিরিম, ডাল্টন, নেফাত জিভ, কাতরিন, কাফর হানানিয়া, মানোট, বেইত হামিক, কাফর ভ্রাদিম, হারাশিম, বিরিয়া, কাফর তজভি এবং বার ইয়োহাই।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, উত্তর ইসরায়েলের যে ২৫ এলাকা খালি করার বিষয়ে হিজবুল্লাহ সতর্কতা উচ্চারণ করেছে সেগুলো লেবাননের সীমান্তের ৩ কিমি থেকে ২২ কিমি পর্যন্ত ইসরায়েলের উত্তর অংশে অবস্থিত। বিস্তৃত এই এলাকায় প্রায় ২ লাখ ইসরায়েলি নাগরিক বসবাস করেন।
সংবাদমাধ্যমটি বলছে, এটি এমন একটি কৌশল যা বৈরুতের দক্ষিণ শহরতলিতে এবং লেবাননের অন্যান্য অংশে ইসরায়েলি সামরিক বাহিনীকে ব্যবহার করতে দেখা গেছে। আর এখন হিজবুল্লাহ তাদের আক্রমণ সম্পর্কে সতর্ক করার জন্য প্রথমবারের মতো সেই একই কৌশল ব্যবহার করল।
এর আগে হিজবুল্লাহ গত শুক্রবার জানায়, তারা ২৪ ঘণ্টা সময়ের মধ্যে ৪৮টি অপারেশনসহ ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক অভিযান পরিচালনা করেছে।
প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।
হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। গত সপ্তাহে লেবাননে অভিযানরত ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনাকে হত্যার দাবি করেছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি। অবশ্য ঠিক কত দিনে এই সেনারা নিহত হয়েছেন, তা এই বিবৃতিতে উল্লেখ করেনি গোষ্ঠীটি।
এর আগের সপ্তাহে এক বিবৃতিতে হিজবুল্লাহর পক্ষ থেকে ৫৫ জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করা হয়েছিল। এছাড়া গত বছরের অক্টোবরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে মৃতের সংখ্যা ইতোমধ্যেই আড়াই হাজার ছাড়িয়ে গেছে।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ, থাকছে সপ্তাহে ২ দিন ছুটি
- ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনেও লাগবে আয়কর রিটার্নের প্রমাণপত্র
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার, চার দিনে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি
- হ্যাটট্রিকে মেসির ঝড়, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন হতো ইসরায়েলের’
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর
- সুদের টাকার বিরোধে ৬ মাসের শিশু অপহরণ, ৪৮ ঘণ্টা পর র্যাব-পুলিশের অভিযানে উদ্ধার
- যৌতুক মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে




