• রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহু হতবাক! ভাষণ বয়কট করল বাংলাদেশসহ ৭৭ দেশ

নেতানিয়াহু হতবাক! ভাষণ বয়কট করল বাংলাদেশসহ ৭৭ দেশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬:৫৬ ২৮ সেপ্টেম্বর ২০২৫

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় ব্যাপক বয়কট দেখা দিয়েছে। নেতানিয়াহু যখন পোডিয়ামে ওঠেন, তখন অনেক দেশের কূটনীতিক ও প্রতিনিধি অধিবেশন কক্ষ ত্যাগ করেন। বাংলাদেশের প্রতিনিধি দলও ভাষণের সময় কক্ষে উপস্থিত ছিলেন না।

সামাজিক মাধ্যমে কিছু ব্যক্তি দাবি করেছিলেন, বাংলাদেশের প্রতিনিধিরা নেতানিয়াহুর ভাষণ চলাকালে তাদের আসনে উপস্থিত ছিলেন। তবে ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ এই দাবি খণ্ডন করেছে। তাদের তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর ৪১ মিনিটের ভাষণের সময় বাংলাদেশসহ মোট ৭৭ দেশের আসন ফাঁকা ছিল।

বর্জনকারীদের মধ্যে ইসরাইলের চার প্রতিবেশী দেশ—মিসর, জর্ডান, লেবানন ও সিরিয়া—ও ছিলেন। এছাড়া সৌদি আরব, তুরস্ক ও ইরানও ভাষণ শোনেননি। তবে সব অনুপস্থিতি রাজনৈতিক বয়কট হিসেবে ধরা যায় না। অনেকে শুধু সকালবেলার অধিবেশনে উপস্থিত হননি। উদাহরণস্বরূপ, জর্ডান ও মিসর আসন নিলেও বিক্ষোভে অংশ নেননি। অন্যদিকে, পাকিস্তানের প্রতিনিধি দল হল ছাড়লেও বাইরে দাঁড়িয়ে নেতানিয়াহুর বক্তব্য শোনেন।

২০২০ সালের আব্রাহাম চুক্তির স্বাক্ষরকারী বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা তাদের আসনে বসেই ভাষণ শোনেন। যদিও গাজা যুদ্ধে এই দুই দেশের সঙ্গে ইসরাইলের সম্পর্ক কিছুটা টানাপোড়েনপূর্ণ।

বর্জনকারী দেশের তালিকায় আরও ছিল—স্পেন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কুয়েত, কাতার, ওমানসহ লাতিন আমেরিকা, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ।

ইসরাইলি কর্মকর্তারা বলেন, এই নাটকীয় বর্জন প্রমাণ করছে যে গাজা যুদ্ধে ইসরাইলের কর্মকাণ্ডের কারণে তার বিশ্বমঞ্চে কূটনৈতিক সংকট আরও গভীর হচ্ছে।

বিজ্ঞাপন