• মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা বন্ধ করলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা বন্ধ করলো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৪ ১৫ জানুয়ারী ২০২৬

বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুরুতে কয়েকটি দেশের নাম প্রকাশ করা হলেও পরবর্তীতে ফক্স নিউজ নিশ্চিত করে যে, বাংলাদেশও এই সিদ্ধান্তের আওতায় রয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

ফক্স নিউজের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনস্যুলার অফিসে এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ভিসা প্রদানের বর্তমান যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্নিরীক্ষণ করা হবে। এ সময় এসব দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে বলা হয়েছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেন,“পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা দেওয়ার প্রক্রিয়াগুলো নতুন করে পর্যালোচনা করছে। সে কারণে আপাতত ৭৫টি দেশের মানুষের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ রাখা হচ্ছে। মূলত যেসব বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে এসে সরকারি ত্রাণ বা সুযোগ-সুবিধার ওপর নির্ভর করতে পারেন, তাদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশি প্রবাসীরাই যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধা সবচেয়ে বেশি গ্রহণ করে থাকেন।

বিজ্ঞাপন