• শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ | ৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিড়ালের সমান ছোট্ট হরিণ ‘পুডু’, বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র হরিণ

বিড়ালের সমান ছোট্ট হরিণ ‘পুডু’, বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র হরিণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২:৪৪ ১৪ নভেম্বর ২০২৬

দেখতে অনেকটা হরিণের বাচ্চার মতো, কিন্তু পূর্ণবয়স্ক হলেও উচ্চতা একটি গৃহপালিত বিড়ালের কাছাকাছি। দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে বসবাস করা এই ক্ষুদ্র প্রাণীটির নাম ‘পুডু’। বিশ্বের সবচেয়ে ছোট প্রকৃত হরিণ হিসেবে পরিচিত এই প্রাণী এখন আবাসস্থল ধ্বংস ও শিকারি প্রাণীর আক্রমণসহ নানা হুমকির মুখে।

দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী নর্দার্ন পুডু পৃথিবীর সবচেয়ে ছোট হরিণ। পূর্ণবয়স্ক অবস্থায় এর কাঁধ পর্যন্ত উচ্চতা প্রায় ৩৫ সেন্টিমিটার এবং ওজন সর্বোচ্চ ৬ কেজি হতে পারে।

কোথায় পাওয়া যায় পুডু?

দক্ষিণ আমেরিকায় পুডুর দুটি পরিচিত প্রজাতি রয়েছে। নর্দার্ন পুডু মূলত কলম্বিয়া, ইকুয়েডর ও পেরুর আন্দিজ পর্বতমালার বনাঞ্চলে বাস করে। অন্যদিকে সাউদার্ন পুডুর দেখা মেলে চিলি ও আর্জেন্টিনার নাতিশীতোষ্ণ বনাঞ্চলে।

সাউদার্ন পুডু আকারে কিছুটা বড়। এদের উচ্চতা সাধারণত ৩৫ থেকে ৪৫ সেন্টিমিটার এবং ওজন ৯ থেকে ১৫ কেজি পর্যন্ত হতে পারে।

ছোট্ট শরীর, কিন্তু বাঁচার কৌশল দারুণ

পুডু অত্যন্ত লাজুক ও সতর্ক স্বভাবের প্রাণী। সাধারণত একা থাকতে পছন্দ করে এবং ঘন গাছপালার আড়ালে চলাফেরা করে। ভোর ও সন্ধ্যায় এদের বেশি সক্রিয় দেখা যায়।

তৃণভোজী এই হরিণ কচি পাতা, ফল, বীজ, গুল্ম ও গাছের ছাল খেয়ে বেঁচে থাকে। উঁচু ডালের পাতা খাওয়ার জন্য কখনো পেছনের দুই পায়ে ভর দিয়েও দাঁড়ায়।

বিপদ বুঝতে পারলে পুডু কুকুরের ঘেউ ঘেউয়ের মতো শব্দ করে সতর্কসংকেত দেয়। এরপর আঁকাবাঁকা পথে দ্রুত দৌড়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে।

পুরুষ পুডুর মাথায় ছোট শিং থাকে, যা প্রতিবছর ঝরে গিয়ে আবার নতুন করে গজায়। জন্মের সময় শাবকদের শরীরে সাদা দাগ থাকলেও বয়স বাড়ার সঙ্গে সেগুলো মিলিয়ে যায়।

মাউস ডিয়ার নয়, পুডুই সবচেয়ে ছোট হরিণ

অনেকেই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মাউস ডিয়ারকে পৃথিবীর সবচেয়ে ছোট হরিণ মনে করেন। তবে প্রাণিবিজ্ঞানের শ্রেণিবিন্যাস অনুযায়ী মাউস ডিয়ার প্রকৃত হরিণ পরিবারের সদস্য নয়।

মাউস ডিয়ার ট্র্যাগুলিডি পরিবারের অন্তর্ভুক্ত। অন্যদিকে পুডু সার্ভিডি বা প্রকৃত হরিণ পরিবারের প্রাণী। তাই বিশ্বের সবচেয়ে ছোট প্রকৃত হরিণের স্বীকৃতি পেয়েছে নর্দার্ন পুডু।

অস্তিত্বের জন্য বাড়ছে হুমকি

বন উজাড়, কৃষিজমি সম্প্রসারণ, মানুষের বসতি বৃদ্ধি এবং কুকুরের আক্রমণ পুডুর টিকে থাকার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। বিশেষ করে চিলির চিলো দ্বীপে বসবাসকারী সাউদার্ন পুডু সড়ক দুর্ঘটনা ও কুকুরের আক্রমণের ঝুঁকিতে রয়েছে।

আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা আইইউসিএনের তালিকায় নর্দার্ন পুডু ‘তথ্য-অপ্রতুল’ শ্রেণিতে রয়েছে। অর্থাৎ এই প্রাণীর সংখ্যা ও সংরক্ষণ পরিস্থিতি সম্পর্কে পর্যাপ্ত নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

আকারে ছোট হলেও দক্ষিণ আমেরিকার বনাঞ্চলের বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পুডুর। তাই এই বিরল প্রাণীটির অস্তিত্ব রক্ষায় প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ জরুরি।

বিজ্ঞাপন