• রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:১৭ ১৮ ডিসেম্বর ২০২৫

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বর্তমানে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদিকে দেখতে যান। এ সময় তিনি হাদির চিকিৎসা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরে রাতেই ভিভিয়ান বালাকৃষ্ণান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে অবহিত করেন। ফোনালাপে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টাকে জানান, শরিফ ওসমান হাদির অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন।

প্রেস উইংয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তদের গুলিতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর ভাইসহ বাংলাদেশি চিকিৎসক ও নার্সদের একটি টিম।

বিজ্ঞাপন