• মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে শফিকুল ইসলাম মাসুদ বহিষ্কার, একাধিক নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার বিএনপির

দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে শফিকুল ইসলাম মাসুদ বহিষ্কার, একাধিক নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার বিএনপির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২:৪৪ ১৪ জানুয়ারী ২০২৬

দলীয় সিদ্ধান্ত অমান্য ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার দায়ে শফিকুল ইসলাম মাসুদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং সংগঠনের নীতি ও আদর্শ রক্ষার স্বার্থেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

একই দিনে প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সাবেক সদস্য এস এ কে একরামুজ্জান সম্পর্কে সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের কারণে তাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে তার আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে বিএনপির আরও কয়েকজন নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহারের তথ্য জানানো হয়। বহিষ্কার প্রত্যাহার পাওয়া নেতারা হলেন—যশোর জেলার বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু তাহের সিদ্দিকী, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ মো. সোহেল চেয়ারম্যান (এস এম আতাউল মোস্তফা সোহেল), চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা খোরশেদ আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ সাজ্জাদ মোর্শেদ এবং দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোছা. পারুল নাহার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট নেতাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ও ঐক্য জোরদারে বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন