• বুধবার , ১৭ জুন, ২০২৬ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-৫ এ দলীয় কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা হাতপাখা প্রার্থীর

ঢাকা-৫ এ দলীয় কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা হাতপাখা প্রার্থীর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৩৪ ১৬ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী মো. ইব্রাহীম দলীয় রাজনীতি থেকে সাময়িক সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রোববার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আপাতত (দলটি রাজনৈতিক বৈশিষ্ট্য অর্জন করা পর্যন্ত) ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নিলাম।”

এর আগে দেওয়া আরেক পোস্টে নির্বাচনের ফলাফল নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন মো. ইব্রাহীম। তিনি বলেন, ঢাকা-৫ আসনের জনগণ কোনো ভুল করেননি; বরং দলীয়ভাবে করা একটি রাজনৈতিক ভুলের জবাবই তারা দিয়েছেন। জনগণের সিদ্ধান্তকে তিনি শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়েছেন বলেও উল্লেখ করেন। পাশাপাশি যারা তার ওপর আস্থা রেখে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নির্বাচনের ফল অনুযায়ী, মো. ইব্রাহীম পেয়েছেন ১৪ হাজার ২০৬ ভোট। বিজয়ী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর মোহাম্মদ কামাল হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৬৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবী উল্লা নবী পেয়েছেন ৮৭ হাজার ৪৯১ ভোট।

আরেক পোস্টে মো. ইব্রাহীম ইসলামী আন্দোলনের তৃণমূল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, অনেকেই নিঃস্বার্থভাবে দিনরাত পরিশ্রম করেছেন; দিনমজুর ও শ্রমজীবী মানুষও ব্যক্তিগত কাজ ফেলে রেখে প্রচারণায় অংশ নিয়েছেন। তাদের এই ত্যাগের প্রতিদান মহান আল্লাহ দেবেন বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচনের ফলাফল নিয়ে তিনি হতাশ নন জানিয়ে বলেন, প্রস্তুতি ও কাজ অনুযায়ীই ফল এসেছে; এ নিয়ে কোনো দুঃখ বা অভিযোগ নেই। তবে ভবিষ্যতের জন্য সুস্পষ্ট পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, দ্বীন প্রতিষ্ঠার সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে লক্ষ লক্ষ মানুষের শ্রম, ঘাম ও স্বপ্ন জড়িয়ে আছে। সংগঠনের জন্য নিজের জীবন, সময় ও সম্পদ উৎসর্গ করতেও প্রস্তুত আছেন, তবে তার জন্য প্রয়োজন স্পষ্ট রূপরেখা ও লক্ষ্য।

নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনকে অভিনন্দন জানিয়ে তার সাফল্য কামনা করেন মো. ইব্রাহীম। উল্লেখ্য, তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর ৬৭ নম্বর ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর। স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালনে তিনি সুনামের সঙ্গে কাজ করেছেন বলে এলাকাবাসীর অনেকে মনে করেন।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/